
লক্ষ্মীপুরের কমলনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান এমপি। সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আশরাফ উদ্দিন নিজান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু জিপিএ-৫ পেলেই হবে না, এর পাশাপাশি ভালো মানুষ হতে হবে।’ তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে হুইপ আশরাফ উদ্দিন নিজান কমলনগর ও রামগতির শিক্ষার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরে তিনি এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।