October 5, 2026, 9:06 am

মেসির বিদায়ের পর বদলে যাবে আর্জেন্টিনা: স্কালোনি

অভয়নগর প্রতিবেদক

 

লিওনেল মেসি জাতীয় দল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা ফুটবল দল এগিয়ে যাবে, তবে আর আগের মতো থাকবে না বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার বেনিনের বিপক্ষে মনুমেন্তালে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির।

স্কালোনি বলেন, মেসির উপস্থিতি সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের জন্য বিশেষ অনুভূতি তৈরি করে। এমন প্রভাব তিনি আর কোনো খেলোয়াড়ের মধ্যে দেখেননি। শুধু ম্যাচে নয়, অনুশীলন ও প্রস্তুতির ক্ষেত্রেও মেসি সতীর্থদের জন্য অনুকরণীয় উদাহরণ। অনুশীলনে তার সময়ানুবর্তিতা, শারীরিক প্রস্তুতি ও পেশাদারিত্ব দলের অন্যদের শেখার মতো বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্তালে দর্শকদের ব্যাপক আগ্রহের কথাও জানান স্কালোনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের অনুরোধ আসছে বলেও জানান তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, দায়িত্বে থাকার জন্য তার ওপর কোনো চাপ নেই। বড় দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবন উপভোগ করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।



ফেসবুক কর্নার