
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। রোববার (৪ অক্টোবর) কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর তারা এ ঘোষণা দেন। ২৭ বছর বয়সী অ্যালেক্সিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্যাশ প্যাটেলের পাশে দাঁড়িয়ে নিজের নতুন হীরার আংটি প্রদর্শনের একটি ছবি প্রকাশ করেন।
ছবির ক্যাপশনে অ্যালেক্সিস লেখেন, ‘আইনকেও যুক্ত করে ফেললাম।’ পরে ৪৬ বছর বয়সী ক্যাশ প্যাটেল নিজের অ্যাকাউন্টে ভালোবাসা ও বাগদানের রিংয়ের ইমোজিসহ পোস্টটি পুনরায় শেয়ার করেন। এর মধ্য দিয়ে তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা গেছে, ২০২২ সালে ন্যাশভিলে তাদের প্রথম দেখা হয়। পরের বছর তারা প্রেমের সম্পর্কে জড়ান। ২০২৩ সালে অ্যালেক্সিস তার প্রথম ইপি ‘গ্রিট’ প্রকাশ করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অ্যালেক্সিস।