October 5, 2026, 1:13 pm

নড়াইলে শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা পলাতক

সবুজ সরদার

নড়াইল সদর উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কিশোর চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার (৪ অক্টোবর) রাতে নড়াইল সদর থানায় মামলা করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) সকালে শিশুটির মা অসুস্থ বড় মেয়েকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করতে যান। এ সময় ৭ বছর বয়সী মেয়েকে বাড়িতে রেখে যান তিনি। শিশুটির বাবাও রাজমিস্ত্রির কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেলে হাসপাতাল থেকে ফিরে মা শিশুটিকে ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে রোববার সন্ধ্যায় একান্তে জিজ্ঞাসা করলে শিশুটি আগের দিন সকালে চাচার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ জানায়। এরপর রাতে থানায় মামলা করেন মা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন এবং আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার