October 5, 2026, 5:35 pm

লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা, জলাবদ্ধতায় দুর্ভোগ

নাজিম হোসেন, লক্ষ্মীপুর জেলা ব্যুরো

 

লক্ষ্মীপুরের রায়পুরে আশ্রয়ণ প্রকল্পের ৪৬৭টি ঘরের মধ্যে ১৫২টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে। অন্যদিকে বসবাসরতদের কয়েকটি প্রকল্পে জলাবদ্ধতা, ভাঙাচোরা টয়লেট, নষ্ট পানির কল ও ডিপটিউবওয়েলের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি বামনী ইউনিয়নের বাংলাবাজার, দক্ষিণ চরবংশীর মিয়ারহাট ও খলিফারহাট, উত্তর চরবংশীর মদিনাবাজার ও কুচিয়ামারা এবং হাজিমারা এলাকার কয়েকটি প্রকল্প ঘুরে এসব চিত্র দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের বাদ দিয়ে সচ্ছল ব্যক্তি ও জনপ্রতিনিধিদের স্বজনদের ঘর দেওয়ার পাশাপাশি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৬ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ঘরের জায়গা ভরাটে উপকারভোগীদের বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার অভিযোগও রয়েছে। দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, মাটি ভরাট, মেঝে ও বারান্দার কাজের জন্য ৬ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল এবং অনেকে নিজেরাই শ্রম দিয়েছেন।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, বসবাসহীন ঘরগুলো নতুন করে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার জানান, ১৫২টি ঘর তালাবদ্ধ থাকার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে; সচ্ছল ব্যক্তির নাম থাকলে যাচাই করে বাদ দিয়ে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। তিনি আশ্রয়ণকেন্দ্রগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।



ফেসবুক কর্নার