October 5, 2026, 2:42 pm

ছিনতাইকারী ধাওয়ায় বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সকাল ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
নিহত আল আমিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুধখালী এলাকার আব্দুল হক সর্দারের ছোট ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার