
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের পর ওই দিনও ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি অনুমোদনের ফলে দুর্গাপূজার পরপরই টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।