October 5, 2026, 5:21 pm

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

অভয়নগর প্রতিবেদক

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, দলটির নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ আলাদা বিষয় হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা জনগণের ওপর সহিংসতা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারব্যবস্থার আওতায় আনতে হবে। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে বলে তিনি মনে করেন। এসব ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। তবে বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, ভবিষ্যতে যেন কেউ বাংলাদেশে এমন কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্ত তৈরিও এর উদ্দেশ্য। বিদেশে অবস্থানরত এবং অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।
গত দেড় দশকে বিচারব্যবস্থা কর্তৃত্ববাদী সরকারের প্রভাবের মধ্যে ছিল উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় বিচারব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে দেশে ন্যায়সংগত ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণতন্ত্র টেকসই করতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান, স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন কায়সার কামাল।



ফেসবুক কর্নার