
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলার বকশীগঞ্জ থানাধীন পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বকশীগঞ্জ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ জামালপুরের একটি দল পশ্চিম দত্তেরচর এলাকায় মো. আনিছের মুদি দোকানের সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আবু হানিফকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনা ও দেওয়ানগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।