
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এর মাধ্যমে পূজাকেন্দ্রিক কেনাকাটায় বাড়তি সময় পাবেন ক্রেতারা।
এতে আরও জানানো হয়, ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।