October 5, 2026, 6:01 pm

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত

আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

বর্ষার পানি নেমে গেলেও কচুরিপানার বিশাল স্তূপ সরেনি। উজান থেকে ভেসে আসা কচুরিপানায় নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের কান্দি-ঘুটিয়া-মহিষমারী গ্রামের বিলের প্রায় ৩০০ একর কৃষিজমি ঢেকে গেছে। এতে শতাধিক কৃষক এবার বোরো ধান চাষ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। জমি চাষের উপযোগী করতে প্রতি বিঘায় ৬ থেকে ৭ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

সোমবার (৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ৮-১০ জন কৃষক দলবদ্ধভাবে জমি থেকে কচুরিপানা অপসারণ করছেন। কেউ পানিতে নেমে কচুরিপানা টেনে তুলছেন, আবার কেউ জমির আইলে স্তূপ করছেন। কৃষক মোহাম্মদ কাদের মুধা জানান, তার ১০ বিঘা জমির মধ্যে তিন বিঘা পরিষ্কার করেছেন। প্রতি বিঘায় প্রায় ৭ হাজার টাকা খরচ হচ্ছে। কৃষক মোস্তফা প্রামাণিক, শামসু মোল্লা, সাদ্দাক, খোরশেদ ও কুদ্দু প্রামাণিক বলেন, সার, তেলসহ কৃষি উপকরণের বাড়তি দামের মধ্যে কচুরিপানা পরিষ্কারের অতিরিক্ত খরচে উৎপাদন ব্যয় আরও বাড়ছে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত কচুরিপানা অপসারণ করা না গেলে বিলের প্রায় ৪০ শতাংশ জমি অনাবাদি থাকতে পারে। তারা সরকারি উদ্যোগে দ্রুত কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সহযোগিতা কামনা করেছেন। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, বিষয়টি দুঃখজনক। সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ দেওয়া হবে এবং বোরো আবাদে সমস্যা কাটাতে কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করা হবে।



ফেসবুক কর্নার