হালদা নদীর সংযুক্ত খালে কেমিক্যালযুক্ত পানি সরাসরি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) ফতেয়াবাদ ও ছড়ারকূল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় গ্লোবাল এন্টারপ্রাইজের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কেমিক্যাল গুদামজাত করা এবং কেমিক্যালযুক্ত পানি ড্রেনের মাধ্যমে সরাসরি ছড়ারকূল খালে নির্গমনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের প্রসিকিউশন টিম ও হাটহাজারী থানা পুলিশ সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, হালদা নদী ও এর সংযুক্ত খাল-ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য বা যেকোনো দূষণকারী পদার্থ নির্গমন করে পরিবেশের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।