আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরকল ইউনিয়নের সুচিয়া এলাকার শিবলু কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটির সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. জসীম উদ্দিন, মো. ইখতিয়ার হোসেন ও খন্দকার হেলাল উদ্দিন সিআইপি উপস্থিত ছিলেন। অপর সদস্য নুরুল আনোয়ার চৌধুরী বিদেশে থাকায় উপস্থিত ছিলেন না। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও মেম্বার পদে আগ্রহী প্রার্থীরা সভায় অংশ নেন। আয়োজকদের দাবি, প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ নেতাকর্মী, সমর্থক ও সম্ভাব্য প্রার্থী এতে যোগ দেন।
বক্তারা বলেন, নির্বাচনে দলের দুঃসময়ে মাঠে থাকা ত্যাগী ও যোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ‘হাইব্রিড’ বা নব্য বিএনপির নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে না। সভা শেষে ২০০-এর বেশি নেতাকর্মী ও প্রায় ১০০ মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আবেদন ফরম বিতরণ করা হয়। আগামী ৮ অক্টোবরের মধ্যে ফরম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিত্ব না থাকায় তাঁর অনুসারীদের একটি অংশ সভা বর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।