October 7, 2026, 12:44 pm

মামদানির মেয়র হওয়ার বছরেই বিশ্বের শীর্ষ শহর নিউইয়র্ক

অভয়নগর প্রতিবেদক

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। অর্থনৈতিক সক্ষমতা ও মানবসম্পদে শক্তিশালী অবস্থানের কারণে সামগ্রিক তালিকায় লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো শহরকে পেছনে ফেলেছে শহরটি। বিশ্বের এক হাজার বড় শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন—এই পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে।
সূচকে নিউইয়র্কের সামগ্রিক স্কোর ১০০। এর মধ্যে অর্থনৈতিক সূচকে ১০০, মানবসম্পদে ৮৯ দশমিক ৫, জীবনযাত্রার মানে ৮০ দশমিক ৮, পরিবেশে ৭২ দশমিক ৮ এবং শাসনব্যবস্থায় ৭৫ দশমিক ৭ নম্বর পেয়েছে শহরটি। অক্সফোর্ড ইকোনমিকস বলছে, বড় অর্থনীতি, শক্তিশালী শ্রমবাজার ও দীর্ঘদিনের কাঠামোগত সক্ষমতার কারণে নিউইয়র্ক ও লন্ডন দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রয়েছে।
নিউইয়র্কের এই অবস্থান বর্তমান মেয়র জোহরান মামদানির মেয়াদকালের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নিয়ে তিনি শহরটির ১১২তম মেয়র হন। তবে অক্সফোর্ড ইকোনমিকসের মূল্যায়নে কোনো নির্দিষ্ট মেয়র বা প্রশাসনের কৃতিত্ব উল্লেখ করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শহরের অর্থনীতি, কর্মসংস্থান, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসনব্যবস্থার দীর্ঘমেয়াদি সক্ষমতার ভিত্তিতেই সূচকটি তৈরি করা হয়েছে।



ফেসবুক কর্নার