October 7, 2026, 12:44 pm

মিরাটে স্বামী হত্যার অভিযোগ, চ্যাটে মিলল প্রমাণ

অভয়নগর প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার লোহিয়া নগর এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামী তালিবকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ইলমার (২৭) বিরুদ্ধে। ঘটনার পর স্বামীর মৃত্যু হৃদরোগে হয়েছে বলে পরিবারকে জানানো হয়। চার বছর আগে তাদের বিয়ে হয় এবং তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবারের সন্দেহ হলে গত ১ অক্টোবর তালিবের চাচাতো ভাই রইস তার ব্যবহৃত মুঠোফোন খুঁজতে ইলমার বাড়িতে যান। কাপড়ের স্তূপের নিচ থেকে ফোনটি উদ্ধারের পর সেখানে আমান নামের এক যুবকের সঙ্গে তালিবের বাদানুবাদের চ্যাট পাওয়া যায়। চ্যাটে তালিব আমানকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করতে নিষেধ করেছিলেন। পরে পরিবারের সদস্যরা ইলমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানানো হয়েছে।
ইলমার দাবি, পারিবারিক কলহের জেরে গত ২৮ সেপ্টেম্বর তালিবকে মারধরের পর আমানকে ডেকে আনেন তিনি। আমান এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসে তালিবকে মারধর করেন এবং একপর্যায়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয় বলে স্বীকারোক্তিতে উঠে এসেছে। কোতোয়ালি অঞ্চলের সিও সংগ্রাম সিং জানান, তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তালিবের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।



ফেসবুক কর্নার