October 7, 2026, 6:40 pm

ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের এখনই প্রস্তুত হতে হবে

অভয়নগর প্রতিবেদক

আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘তৃতীয় ইউএমএসএআইএলএস-ইউএপি আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতের দায়িত্ব নিতে তরুণদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
ববি হাজ্জাজ বলেন, আইনজীবীদের ওপর বড় ধরনের পেশাগত ও নৈতিক দায়িত্ব থাকে। তাই আইন শিক্ষার্থীদের আইন ও বিধিবিধানের পাশাপাশি সততা, দায়িত্ববোধ, যুক্তিনির্ভর চিন্তা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি আইনগত গবেষণা ও নথি বিশ্লেষণসহ পেশাগত কাজের ধরন বদলে দিচ্ছে উল্লেখ করে তিনি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। এ জন্য উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশ প্রয়োজন। অনুষ্ঠানে ইউএপির আইন বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার