October 7, 2026, 5:36 pm

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার

অভয়নগর প্রতিবেদক

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না। প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে প্রধানমন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, সর্বোচ্চটুকু করার চেষ্টা করা হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা দুর্গাপূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। সভায় প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
পরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এর আগে দুই ট্রাস্ট যথাক্রমে ৪ কোটি ও ২ কোটি টাকা চেয়েছিল। বিশেষ বিবেচনায় বরাদ্দ বাড়ানো হয়। অর্থ সংশ্লিষ্ট ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সুবর্ণ ঠাকুর শিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার