October 8, 2026, 11:01 am

ফ্যামিলি কার্ডের টিপসইয়ে ‘বিয়ে’, জাল কাবিননামার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার (৪৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়ার পর টিপসই নেওয়া হয়। পরে ওই টিপসই ব্যবহার করে তার নামে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিধবার দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি এবং কোনো কাজিকেও দেখেননি। প্রায় ১৩ বছর আগে তার স্বামী মারা যান।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ডের কথা বলে কৌশলে তার টিপসই নেন। ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম রয়েছে। এতে আড়াই লাখ টাকা দেনমোহর ও ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে। তবে সাক্ষী সাইফুল ইসলাম বিয়েতে সাক্ষী হওয়ার কথা অস্বীকার করেছেন। কাজি গোলাম মোস্তফাও কাবিননামাটি সম্পূর্ণ জাল বলে দাবি করেছেন।
অভিযোগ অস্বীকার করে আবদুস ছাত্তার বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারণে তাকে ফাঁসানো হচ্ছে। ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। গত সোম ও বুধবার দুই দফা সালিশ হয়েছে। শুক্রবার পর্যন্ত অভিযুক্তদের সময় দেওয়া হয়েছে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার