
রাজধানীতে অটোরিকশা ও ই-বাইকের চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশনের চারটি করে জোনে এসব যানবাহনের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রতিটি জোনে অটোরিকশা ও ই-বাইকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে এবং নির্ধারিত সংখ্যার বাইরে নতুন নিবন্ধনের সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, অটোরিকশা পরিচালনার জন্য চারটি জোনে অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিধি ও নীতিমালা তৈরির কাজ চলছে। চার জোনে ভিন্ন ভিন্ন রং ব্যবহারের ফলে এক জোনের অটোরিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে একটি অটোরিকশা রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় চলে যেতে পারে। এ কারণে চলাচলে নিয়ন্ত্রণ আনা জরুরি। জোনভিত্তিক চাহিদা নির্ধারণ করে সে অনুযায়ী যানবাহনের সংখ্যা ঠিক করা হবে। রাজধানীর বাইরে থেকে অটোরিকশা ঢুকে যানজট সৃষ্টি বা চলাচলে বাধা তৈরি করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অটোরিকশাচালকদের সাম্প্রতিক আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।