October 8, 2026, 1:43 pm
শিরোনাম :

দিল্লিতে সিইসিবিরোধী বিক্ষোভ, নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

অভয়নগর প্রতিবেদক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দিল্লি পুলিশকে দেওয়া অতিরিক্ত ১১০টি সিএপিএফ কোম্পানির পাশাপাশি ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে আরও ২২১টি কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মোতায়েনের তালিকায় সিআরপিএফের ৮৫, এসএসবির ১০, আইটিবিপির ৭, র‌্যাপিড অ্যাকশন ফোর্সের ৭ এবং সিআইএসএফের একটি কোম্পানি রয়েছে। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের আরও ২০ হাজার সদস্য দায়িত্বে থাকবেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যারিকেড, সিসিটিভি নজরদারি ও ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে মেট্রো স্টেশন, ব্যস্ত বাজার ও অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ রাখা হতে পারে।
বিক্ষোভের সময় বিএনএসএস ১৬৩ ধারা জারি থাকবে এবং জনসমাবেশ ও প্রতিবাদে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে। রেলস্টেশন ও বাস টার্মিনালেও কড়া নজরদারি থাকবে। উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিভিন্ন বিরোধী দল ও সংগঠন তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে।



ফেসবুক কর্নার