
স্ত্রী নুসরাত অনন্যার মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। স্ত্রীর অর্জনকে অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্টের ভাষা নিয়ে নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, সেখানে তার শিক্ষা ও যোগ্যতাকে খাটো করার ইঙ্গিত রয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়লে নিজের অবস্থান পরিষ্কার করেন জয়।
ঘটনার সূত্রপাত নুসরাত অনন্যার মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর প্রকাশের পর। ফেসবুক পোস্টে জয় প্রশ্ন তোলেন, যে ডিগ্রির সঙ্গে আয়ের সম্পর্ক নেই, সেটি কতটা গুরুত্বপূর্ণ। তার এমন মন্তব্যের পর নেটিজেনরা প্রশ্ন করেন, শিক্ষার উদ্দেশ্য কি শুধু অর্থ উপার্জন? নিজের স্ত্রীর অর্জন নিয়ে এভাবে মন্তব্য করার কারণ নিয়েও সমালোচনা করেন অনেকে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দীর্ঘ পোস্টে জয় বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে সামলে দায়িত্ব পালন এবং পরিবারের অনুপ্রেরণায় স্ত্রীর মাস্টার্স সম্পন্ন করা অসাধারণ অর্জন। স্ত্রীর ইচ্ছা পূরণ করতেই খবরটি ফেসবুকে দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, সরাসরি হিসাব না লিখে কৌতুক ও রস যোগ করতে চেয়েছিলেন। ১৮ বছরের দাম্পত্য জীবনের বোঝাপড়ার কথা উল্লেখ করে জয় আরও বলেন, সমালোচনার কারণে তার স্ত্রীর অর্জনের খবরটি বিনা খরচে প্রচার পেয়েছে।