
ইরানে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে গিয়ে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে ইরানকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত। তাঁর ভাষ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান যুদ্ধের অবসানে প্রকৃত প্রচেষ্টা চালিয়ে আসছে। এ সময় তিনি দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও তেহরান কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।