
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবি করলেও শেষ পর্যন্ত এ সম্মাননা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকা রাখার দাবি তুলে তিনি নিজেকে এ পুরস্কারের যোগ্য বলে মনে করেন। শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬ সালের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণার আগে বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁর মতো ব্যক্তিদের এ পুরস্কার না দেওয়ার একটি সুনাম কিংবা বদনাম রয়েছে।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে একাধিকবার শান্তিতে নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, পুরস্কার পাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়। গতবারের বিজয়ীর কাছ থেকে পরোক্ষভাবে সম্মান পেয়ে তিনি গর্বিত বলেও জানান। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর ২০২৫ সালের নোবেল পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, গত বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বিশ্বের আটটি সংঘাত নিরসনে সরাসরি যুক্ত হয়েছেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের শীর্ষ নেতারা তাঁকে নোবেলের জন্য মনোনীত করার কথা বললেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।