
ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি এড়াতে আবেদনকারীদের নিজ উদ্যোগে নির্ধারিত নিয়মে আবেদন করার পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ পরামর্শ দেন। এ সময় তিনি আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার খোঁজ নেন।
মনোজ কুমার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিক রয়েছে কি না এবং আবেদনকারীরা ভোগান্তিতে পড়ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শন করেন। এবারের পরিদর্শনে বিশেষ কোনো সমস্যা চোখে পড়েনি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন, যাতে সেবা নিতে আসা মানুষ অযথা ভোগান্তিতে না পড়েন।
তিনি আরও বলেন, দালালদের বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়। আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত স্লট নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে। দালালের ওপর নির্ভর করলে কাগজপত্রসংক্রান্ত জটিলতা ও হয়রানির ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই উত্তম।