October 18, 2026, 1:21 pm

প্রবাসে থেকেও সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিভিন্ন সংকট ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও তীব্র শীতসহ বিভিন্ন সংকটে প্রবাসে থেকেও তিনি নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন রিজভী।

তিনি আরও বলেন, কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষায় আগ্রহী করতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, দেশজুড়ে বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা জনকল্যাণমূলক কাজও করছে সংগঠনটি। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জেডআরএফের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার