October 19, 2026, 10:50 am

১৩২ বলেও শূন্য রান, উইকেট বাঁচিয়ে ম্যাচ বাঁচালেন ফিল্ড

অভয়নগর প্রতিবেদক

 

ক্রিকেটে রান করাই সাধারণত ব্যাটারের প্রধান লক্ষ্য। তবে কখনো কখনো উইকেট আগলে রাখাও হয়ে ওঠে বড় কৃতিত্ব। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড তেমনই এক ইনিংস খেলে আলোচনায় এসেছেন। ১৩২ বল মোকাবিলা করেও কোনো রান না করে অপরাজিত থাকেন ইস্টার্ন সাবআর্বসের এই ওপেনার। তাঁর ধৈর্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্র হয় দুই দিনের জেলা ক্রিকেটের ম্যাচটি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে নর্দার্ন ৭ উইকেটে ৪৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ইস্টার্ন প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইস্টার্নের সামনে ছিল পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে ক্রিজে টিকে থাকার দায়িত্ব নেন ওপেনার ম্যাক্স ফিল্ড।

প্রতিপক্ষের বোলাররা উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করতে চাইলেও ফিল্ডের লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব উইকেট ধরে রাখা। তাঁর অবিচল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে ৬৬ রান সংগ্রহ করে ইস্টার্ন। এরপর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। ১৩২ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকার ব্যতিক্রমী ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তাঁকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ বলেও আখ্যা দিচ্ছেন।



ফেসবুক কর্নার