
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানে সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।