
ছয় দশকেরও বেশি সময় জনসমক্ষে প্রদর্শিত না হওয়া ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি বিরল চিত্রকর্ম নিলামে উঠতে যাচ্ছে। নিউইয়র্কে সোথেবির নিলামের আগে মঙ্গলবার হংকংয়ে ছবিটি প্রদর্শন করা হয়। চিত্রকর্মটি দেখতে শত শত মানুষ ভিড় করেন। আগামী ১৮ নভেম্বরের নিলামে এর দাম প্রায় ১৮ কোটি ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিরল ও মূল্যবান শিল্পকর্মের বাজারে সংগ্রাহকদের আগ্রহ যাচাইয়ের ক্ষেত্রেও নিলামটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
১৮৯০ সালের মে মাসে আঁকা Chataigniers en fleurs বা ‘ফুলে ফুলে সুশোভিত চেস্টনাট গাছ’ ভ্যান গঘের জীবনের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। ফ্রান্সের আভের-সুর-ওয়াজ গ্রামে জীবনের শেষ সময়ে ছবিটি আঁকেন তিনি। প্রায় দুই মাস পর, মাত্র ৩৭ বছর বয়সে সেখানেই তাঁর মৃত্যু হয়। সোথেবির আধুনিক ও সমকালীন শিল্পকলা বিভাগের কর্মকর্তা স্কট নিচেল বলেন, চিত্রকর্মটি নিলামে ভ্যান গঘের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়তে পারে। তাঁর ভাষ্য, ছবিটিতে শিল্পীর সৃষ্টিশীলতার উজ্জ্বল পর্যায়ের প্রাণশক্তি, আবেগ ও রঙের প্রাচুর্য ফুটে উঠেছে।
ভ্যান গঘের মৃত্যুর পর ছবিটি তাঁর ভাই থিওর কাছে যায়। পরে থিওর বিধবা স্ত্রী ইয়োহানা ভ্যান গঘ-বঙ্গার ও তাঁদের ছেলে ভিনসেন্ট উইলেমের মালিকানায় আসে। পরবর্তী সময়ে জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার এবং মার্কিন গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক জর্জ বাডি ডি সিলভার সংগ্রহেও ছিল এটি। ১৯৫৩ সালে সংগ্রাহক হ্যারিয়েট হ্যারিস-জোনাস ছবিটি কেনেন। ১৯৭৫ সালে শিল্পকর্ম ব্যবসায়ী প্রতিষ্ঠান উইল্ডেনস্টাইনের কাছ থেকে ব্লাকিয়ের পরিবার এটি কিনে নেয়। দীর্ঘদিন আড়ালে থাকা ১২টি শিল্পকর্মের সংগ্রহের অংশ হিসেবে ছবিটি নিলামে তোলা হবে; ওই সংগ্রহে পল সেজান ও ক্লদ মোনের কাজও রয়েছে।