
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের পর ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে পবিত্র কাবার হাজরে আসওয়াদের কাছে এক ব্যক্তিকে এক নারীকে মাথায় ধাক্কা দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ভিডিওর ওই দুজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি।
মঙ্গলবার (২০ অক্টোবর) মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ভিডিওটি মিথ্যা তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে। এটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো প্রমাণ নয়। ফলে ভিডিওটি তাঁদের সঙ্গে সম্পর্কিত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি বিভ্রান্তিকর।
গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতরে ‘অনৈতিক’ কাজের অভিযোগে নজরুল ইসলাম ও সিঁথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারের সময় ও ঘটনার স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নজরুল তিন বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন এবং সপ্তাহে এক দিন ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেন। পরিবারের কাছে কোনো তথ্য না জানিয়েই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে।