
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে অনুমোদিত মাধ্যমেই দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধে সহায়তা মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। সমাজের সর্বত্র ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।