
আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের মহানবমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। অঞ্জলি, ভোগ ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে দেবীর আরাধনা শেষে মণ্ডপে মণ্ডপে বিদায়ের আবহ তৈরি হয়।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ধর্মীয় রীতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোতে বর্ণিল সাজসজ্জা, তোরণ ও বিশেষ অনুষ্ঠানমালার পাশাপাশি শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি বাড়ানোয় সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি ছুটির আওতাভুক্ত ব্যক্তিরা। দুর্গাপূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও বিবেচিত। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন রয়েছে।