October 21, 2026, 8:15 am

সরাইলে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



ফেসবুক কর্নার