
পর্দায় খোলামেলা পোশাকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দ-অপছন্দ ও অভিনয়ের ক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা নিয়ে কথা বলেন তিনি। রাশমিকা জানান, কিছু চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার বিষয়টি বুঝলেও পুরো শরীর প্রদর্শন বা অতিরিক্ত খোলামেলা পোশাকে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর ভাষায়, “আমি ওই ধরনের মানুষ নই।”
অভিনেত্রী বলেন, বাণিজ্যিক ছবির প্রয়োজনে কখনো কখনো এমন পোশাক পরতে হয়, যা তাঁর পুরোপুরি পছন্দ নয়। তবে পরিচালকদের সঙ্গে আলোচনা করে নিজের পোশাক বেছে নেন তিনি। সৌভাগ্যবশত, পরিচালকেরা তাঁর পছন্দকে সম্মান করেন বলেও জানান রাশমিকা। তাঁর মতে, কাজের জায়গায় নিজের মতামত প্রকাশের সুযোগ থাকা জরুরি।
সাক্ষাৎকারে অভিনেতা বিজয় দেভারকোণ্ডাও বলেন, পোশাক নিয়ে আপত্তি জানানো বা পরিচালকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা অভিনেত্রীদের জন্য কঠিন হতে পারে। চুক্তিতে সম্মতি দেওয়ার বিষয়টি তুলে ধরে অনেক সময় তাঁদের আপত্তি উপেক্ষা করা হয় বলেও মন্তব্য করেন তিনি। রাশমিকা ও বিজয়ের মতে, কর্মক্ষেত্রে এমন সহায়ক পরিবেশ থাকা প্রয়োজন, যেখানে অভিনেত্রীরা দ্বিধা ছাড়াই নিজেদের অস্বস্তি ও মতামত প্রকাশ করতে পারবেন।