
সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. মোখলেছুর রহমান (৪০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় মামলা করেন। এজাহার অনুযায়ী, শিক্ষার্থীটি মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং রাজি না হলে মারধর ও হয়রানি করতেন। কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে দিয়ে হাত-পা টেপাতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর সকালে বোর্ডিংয়ের রান্নাঘরে চাল-ডাল পৌঁছে দেওয়ার পথে শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, মামলা হওয়ার পর তিন ঘণ্টার অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।