October 26, 2026, 6:28 pm

তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের প্রখ্যাত নিলামচালক চারু শর্মা বাংলাদেশে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি থ্রি’ (D3)-এর নিলাম পরিচালনা করতে। দীর্ঘদিন আইপিএলের নিলাম সঞ্চালনা করে পরিচিতি পাওয়া এই ধারাভাষ্যকার ও উপস্থাপক জানিয়েছেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই তিনি সব ব্যস্ততা ফেলে ঢাকায় আসার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সফর নিয়ে চারু শর্মা বলেন, অতীতে বেশ কয়েকবার এ দেশে এসেছেন তিনি। সম্ভবত ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাভার করতে প্রথম বাংলাদেশে এসেছিলেন। এখানকার সময়টা দারুণ উপভোগ করেছিলেন এবং অনেক বন্ধুও হয়েছিল তাঁর। শামীম চৌধুরীসহ বাংলাদেশের অনেক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর আবার দেখা হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। তামিমের ফোনকলের স্মৃতিচারণ করে চারু শর্মা জানান, ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনার আমন্ত্রণ পাওয়ার পর ব্যস্ততা থাকলেও তিনি আসার প্রতিশ্রুতি দেন। দুই-তিন দিনের মধ্যেই ঢাকায় চলে আসেন এবং এখানে এসে নিজের বাড়ির মতো অনুভব করছেন।

ডি থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের ধারণার প্রশংসা করে চারু শর্মা বলেন, নিলাম পরিচালনা তাঁর সবচেয়ে প্রিয় কাজ। তাঁর মতে, ক্যাটাগরি ‘এ’-এর নিলাম বেশ রোমাঞ্চকর ছিল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর তরুণদের প্রতিভা বিকাশে ডি থ্রি কার্যকর উদ্যোগ হতে পারে। টুর্নামেন্টটি সবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিলামে আরও অনেক নাটকীয়তা বাকি রয়েছে।



ফেসবুক কর্নার