
আগামী অর্থবছরের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এসব হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের জন্য ১০টি ডায়ালাইসিস শয্যা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্যানসার গবেষণার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।
দেশের ওষুধশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানসম্মত ওষুধ বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও এর চাহিদা বাড়বে। বিগত সরকারের সমালোচনা করে তিনি স্বাস্থ্য খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর মতে, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব নয়।