October 27, 2026, 9:03 pm

লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে বিকেলে শাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন জুয়েল। অভিযোগ রয়েছে, শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে প্রথমে হাসপাতালের সামনে তাঁকে মারধর করেন। একপর্যায়ে জুয়েল জরুরি বিভাগে আশ্রয় নিলে সেখানেও তাঁকে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুষি ও লাথি মারা হয়। ভিডিওতেও মারধরের দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরুপ পাল বলেন, হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ঘটনার চিত্র স্পষ্টভাবে ধরা পড়েছে এবং আইনি ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে। এতে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত শাহেদের বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার