October 26, 2026, 6:36 pm

আওয়ামী লীগ-বিএনপির চরিত্র এক, অভিযোগ গোলাম পরওয়ারের

অভয়নগর প্রতিবেদক

 

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু দলের নামের পার্থক্য, কিন্তু চরিত্র একই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট-বাজার, স্কুল ও পরিবহন স্ট্যান্ডের কমিটি নিয়ে আগের মতোই কর্মকাণ্ড চলছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তা প্রত্যাহার করে নেয় এবং মামলার নথিপত্র হারিয়ে যায় বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, ওই ঘটনায় নিহতদের স্বজনেরা এখনো বিচারের জন্য অপেক্ষা করছেন। আওয়ামী লীগকে সত্যিকার অর্থে খুনি ও ফ্যাসিবাদী মনে করলে ২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে অপরাধীদের গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েও ক্ষমতায় গিয়ে সেই অবস্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটিকে গ্রহণ করে অন্যটিকে উপেক্ষা করা এবং বিরোধী দলের মতামত ছাড়াই সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাপ্রবাহ তুলে ধরে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সেদিন আলাদা সমাবেশের সিদ্ধান্ত এবং এক স্থানে হামলা হলেও অন্য স্থানে নির্বিঘ্নে সমাবেশ হওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করেন জামায়াতের এই নেতা। সেমিনারে বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও বিএনপি ও আওয়ামী লীগের আচরণে পার্থক্য নেই বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, বিএনপি ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিল করেছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।



ফেসবুক কর্নার