
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের হয়ে নয়, স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও নির্বাচনী পরিকল্পনাবিষয়ক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরা হবে। মাদক সিন্ডিকেট প্রসঙ্গে তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রশ্রয়ে এসব চক্র টিকে রয়েছে এবং বর্তমানে বিএনপির নেতাকর্মীদেরও এতে সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দলটির পরাজয় হয়েছে এবং বর্তমানে তাদের কার্যকর তৎপরতা নেই। প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এনসিপির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর নেতাকর্মীরা অংশ নেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এ ছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নির্বাচনী কৌশল নির্ধারণ ছিল সভার উদ্দেশ্য।