
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ইউলালিয়া। আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও রেডিও টু তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্বামী অ্যাঙ্গেলের সঙ্গে পুজাতো শহরে বসবাস করতেন ইউলালিয়া। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তিন সন্তানের জননী ইউলালিয়ার সন্তানরা হলেন লিওনেল, মাউরো ও কোরিনা। তাঁদের মধ্যে লিওনেল স্কালোনির অধীনেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি।
মায়ের সঙ্গে স্কালোনির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যেও সুযোগ পেলেই মাকে দেখতে পুজাতোতে যেতেন তিনি। ২০২১ সালে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের কঠিন ব্যক্তিগত পরিস্থিতির কথা জানিয়েছিলেন স্কালোনি। একই বছর কোপা আমেরিকা জয়ের পরও মাকে স্মরণ করে শিরোপাটি তাঁকে উৎসর্গ করার কথা বলেন তিনি। মায়ের অসুস্থতার কথা উল্লেখ করে সেবার জানিয়েছিলেন, তাঁর মা লড়াই চালিয়ে যাচ্ছেন। এবার সেই প্রিয় মানুষটিকে হারিয়ে শোকের মুখে পড়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।