
স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণে কোপা দেল রের প্রথম রাউন্ডের বুধবারের ২৪টি ফুটবল ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। বুধবার দেশটির তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে কয়েকটি ফুটবল দলের যাতায়াতেও প্রভাব পড়েছে। এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সম্মান ও সংহতি জানিয়ে বুধবারের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি পরে ঘোষণা করা হবে।
বুধবারের সূচিতে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো, লেভান্তে ও দেপোর্তিভো আলাভেসের মতো লা লিগার দলগুলোর ম্যাচ ছিল। রিয়াল বেতিসের প্রতিপক্ষ ছিল নাভালকারনেরো এবং ভ্যালেন্সিয়ার খেলার কথা ছিল তাভেরনেস দে লা ভালদিগনার বিপক্ষে। তবে বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো আপাতত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।