
রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানেই বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেও সড়ক ছাড়ানো যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে। এ সময় লাঠিচার্জ বা কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি বলে জানান তিনি।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এমন ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবারও একই দাবিতে বিক্ষোভ করেছিলেন শ্রমিকেরা।