
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
বিমান বাহিনী প্রধান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন। এ সময় মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের কন্টিনজেন্ট বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত রয়েছে। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩।
ইতোমধ্যে ইউনিটটির ২৩ সদস্য কঙ্গো পৌঁছেছেন। বাকি সদস্যরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে যাত্রা করবেন। এ দলের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।