
রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সোবহানবাগ, ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজার নবম তলায় দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও নওয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শাহীন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্তা সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ নির্মাণ, ভাষার শুদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা পর্বে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পাঠকের আস্থা অর্জনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্বের বিকল্প নেই।
পত্রিকার অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশে কর্মরত প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক, টি-শার্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল। তিন বছরের পথচলায় অভিজ্ঞতা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা আগামী দিনেও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।