November 3, 2026, 4:47 pm
শিরোনাম :

গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র

মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা ব্যুরো

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদ থেকে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ অভিমুখী সড়ক পাকাকরণের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে বৃহত্তর রংপুর অঞ্চল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ইদিলপুর থেকে ধাপেরহাটে যেতে প্রায় ১০ কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হতো। এতে কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচের পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকত। শিক্ষার্থীদেরও যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো। এমনকি যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে সামাজিক ও পারিবারিক আয়োজনেও সমস্যার সৃষ্টি হতো বলে জানান তাঁরা। ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বলেন, সড়কের কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী মানসম্মত বলে তাঁর কাছে মনে হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে—এটি তাঁর কাছে আনন্দের বিষয়।

সাদুল্লাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মেনাজ জানান, ইদিলপুর এলাকায় দুই কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে। প্রতিটি স্তরের কাজ এলাকাবাসীর উপস্থিতিতে যথাযথভাবে করা হচ্ছে। এ কাজে উপসহকারী প্রকৌশলী ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টরা দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজের মান বজায় রেখে সড়কটি সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং ইদিলপুর ও ধাপেরহাট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।



ফেসবুক কর্নার