
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং ইট তৈরির কাঁচামাল সংগ্রহে কৃষিজমির মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাগুলোর মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পপুলার ব্রিকসের মালিক মো. আব্দুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।