
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে কেন্দ্রের বাগানে চায়না বারোমাসি আমের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সেবা কার্যক্রম তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের পরিবেশনায় মুগ্ধ হয়ে মহাপরিচালকসহ অতিথিরা তাঁদের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুরা নিজেদের হাতে তৈরি পুঁতির কলার ছড়ার শোপিস মহাপরিচালককে উপহার দেয়।
পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রের পরিবেশ, শিশুদের আবাসন, অফিস ব্যবস্থাপনা ও সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, এ আকস্মিক পরিদর্শন কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত এ কেন্দ্র সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসন এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করছে।