
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা সদরের এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে দুর্বৃত্তরা টাকাগুলো ছিনিয়ে নেয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পুলিশের দ্রুত অভিযানে ঘটনার আট ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ৯ লাখ ১৩ হাজার টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।