November 4, 2026, 5:09 pm
শিরোনাম :

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের বৈঠক পণ্ড, গ্রেপ্তার ৯

আব্দুল্লাহ আল মামুন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক পণ্ড করেছে পুলিশ। এ সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল। পুলিশ জানায়, গত ৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া বওনাঘোনা এলাকায় কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলহত্যা দিবস পালনের আড়ালে সেখানে বৈঠক চলছিল বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা ওই বৈঠকে সমবেত হয়েছিলেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা জড়ো হয়েছিলেন বলে জানায় পুলিশ। অভিযানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় ১০০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও ইটের টুকরা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পুলিশের। পরে ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘেরাও করেন। পালানোর সময় ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইপির দিকনির্দেশনা এবং কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজ ও ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার