November 5, 2026, 2:26 pm

প্রতিপক্ষের দিকে ব্যাট নিয়ে তেড়ে গিয়ে নিষিদ্ধ বিজয়l

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পরবর্তী এক রাউন্ডে খেলতে পারবেন না খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। প্রতিপক্ষ ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) খুলনা ও ময়মনসিংহের মধ্যকার ম্যাচের শেষ দিনে এ ঘটনা ঘটে। ক্রিকেটের আচরণবিধির ২.১.৩ ধারা ভঙ্গের অভিযোগে শুনানি শেষে বিজয়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ম্যাচের দ্বিতীয় ওভারে স্লিপে দাঁড়িয়ে রবিন খুলনার ওপেনার আজিজুল হাকিমকে স্লেজিং করছিলেন। বিষয়টি পছন্দ না হওয়ায় অন্য প্রান্তে থাকা বিজয় মেজাজ হারিয়ে ব্যাট উঁচিয়ে রবিনের দিকে তেড়ে যান। ময়মনসিংহের অন্য ফিল্ডাররা এসে তাঁকে থামালেও কিছুক্ষণ পর আবারও উত্তেজিত হয়ে রবিনের দিকে ছুটে যান তিনি। এভাবে কয়েকবার দুই ক্রিকেটারের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিসিবি সূত্রে জানা গেছে, এ সময় রবিনকে উদ্দেশ করে অশালীন ভাষাও ব্যবহার করেন বিজয়।

এ ঘটনায় ম্যাচ অফিশিয়ালরা বিজয়ের বিরুদ্ধে লেভেল-টু অভিযোগ আনেন। শুনানি শেষে তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি রবিনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়, যার পরিমাণ ১৫ হাজার টাকা। একই ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ। উল্লেখ্য, ম্যাচটিতে ময়মনসিংহকে আট উইকেটে হারায় খুলনা।



ফেসবুক কর্নার